দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে : খায়রুল কবির

নিজস্ব প্রতিবেদক : দলীয়করণ, দুর্নীতি আর ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির লোভে পড়লে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সোমবার (১১ মে) বিকেলে নরসিংদীতে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মরহুম মোকারম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সরাসরি এবং অকপটে কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, তাই এই সুযোগে যারা অনৈতিক পথে হাঁটবেন তাদের জন্য ইতিহাস কখনো ক্ষমা করে না। তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের তাগিদ দিয়ে বলেন, যারা দুর্দিনে দলের পাশে ছিলেন তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করা নেতৃত্বের দায়িত্ব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে দেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই এখন সবচেয়ে বড় রাজনৈতিক দায়।
অনুষ্ঠানে মরহুম মোকারম ভূঁইয়ার রাজনৈতিক জীবন ও সাংগঠনিক অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। ক্ষমতায় থাকাকালীন এই সতর্কবার্তা কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
