'সবার আগে বাংলাদেশ' গানে কপিরাইট বিতর্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও প্রচারে জটিলতা

বিএনপির রাজনৈতিক সংগীত 'সবার আগে বাংলাদেশ' এখন বিতর্কের কেন্দ্রে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে বিএনপি ও তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটিতে দলের পরিচিত এই সংগীতটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই শাহরিয়ার সাদাত আহমেদ (নিলয়) নামে এক সংগীতশিল্পী ফেসবুকে গানটির বিরুদ্ধে একক মালিকানার কপিরাইট ক্লেইম দাখিল করেন। এর জেরে ভিডিওটি অন্যান্য নিউজ ফেসবুক পেজে শেয়ার বা প্রচার করা সম্ভব হচ্ছে না, যা সংবাদ প্রচারে উল্লেখযোগ্য বাধা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'সবার আগে বাংলাদেশ' গানে একক মালিকানার কপিরাইট ক্লেইম করার ছবি-

তবে এই ক্লেইমের ভিত্তি নিয়েই উঠছে প্রশ্ন। বিশ্ব বাংলার অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। গানটির গীতিকার এস এম রফিক, সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহেদ শাহিন এবং কণ্ঠ দিয়েছেন নাসির, রফিক দেওয়ান ও প্রিতম। এই তথ্যের বিপরীতে নিলয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে গানটির কণ্ঠশিল্পী বলে দাবি করেন এবং গানটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত থাকার কথা জানান। তাকে ক্লেইম প্রত্যাহারের বিনীত অনুরোধ জানানো হলেও এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তিনি তা সরিয়ে নেননি।
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের কনটেন্ট আইডি নীতিমালা অনুযায়ী ভিত্তিহীন বা মিথ্যা কপিরাইট ক্লেইম দাখিল করা শুধু অনৈতিকই নয়, আইনত দণ্ডনীয়ও বটে। গানটির প্রকৃত স্বত্বাধিকার নিয়ে আনুষ্ঠানিক স্বচ্ছতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বিতর্ক ও জটিলতা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
