‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে বলেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রোববার রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।
পরে শেরেবাংলা নগর থানায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলার বাদী মাসুম বিল্লাহ অভিযোগ করেন, আসামিরা তার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছেন। তিনি বিশেষ করে মরিয়মের মামা ওবায়দুর রহমানকে এ ঘটনার মূল হোতা হিসেবে দাবি করেন এবং তার শাস্তি দাবি করেন।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হয়। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার মাকছুদার রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে রিমান্ডে পাওয়া তথ্য তদন্তে কাজে লাগানো হবে বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
