Bisswa Bangla

আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো : বিএনপি নেতা স্বপন

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো : বিএনপি নেতা স্বপন
 
 
ফরিদপুরে কোনও গাড়ি পোড়ানো কিংবা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। একই সঙ্গে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার এমন ঘটনার দায়দায়িত্বও বিএনপি নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে একেএম কিবরিয়া স্বপন বলেন, ‘গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’
 
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ফরিদপুরে যদি কোনও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেবো। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেবো। এর দায়দায়িত্ব তখন আমাদের কিংবা দলের থাকবে না।’
 
মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।
 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।
 
গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

১ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ দেলোয়ারের হাতে, মাসোহারা থেকে মাসে ২০ লাখ টাকা পকেটে!২ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কাটায় ছাত্রদলকর্মী আসিফ গ্রেপ্তার৩আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী৪আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান৫‘এনাফ ইজ এনাফ’ তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী৬প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ: ববি হাজ্জাজ৭ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেবে না জামায়াত, ৪০ দিনের কর্মসূচি : মিয়া গোলাম পরওয়ার৮সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত