চাকরির নামে আড়াই লাখ টাকার প্রতারণার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. তমাল এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা এবং এনসিপির জেলা কমিটিতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে তমাল জানান, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের আশ্বাস দিয়ে আরিফুল ইসলাম জামানত বাবদ তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেন। সঙ্গে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগপত্রও দেওয়া হয়েছে। কিন্তু সেই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে যোগ দিতে গেলে তমাল জানতে পারেন, তাঁর নামে কোনো নিয়োগই হয়নি।
তমালের অভিযোগ, এরপর টাকা ফেরত চাইলে আরিফুল বিভিন্ন অজুহাতে সময় নিতে থাকেন। একপর্যায়ে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন, কিন্তু টাকা ফেরত দেননি। উল্টো তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাসপাতালটিতে আউটসোর্সিংয়ে জনবল সরবরাহ করছে কে এস এফ ট্রেড লিমিটেড। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির মানিকগঞ্জ জেলার দায়িত্বে আছেন আরিফুল ইসলাম। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শামীম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে আরিফুল ইসলাম বলেন, “অভিযোগটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। যে কেউ অভিযোগ দিলেই তো হয় না। তদন্তে সত্য বেরিয়ে আসবে।”
আরিফুলের বাবা ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, তাঁর ছেলে চাকরি দেওয়ার মতো কোনো পদে নেই। এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না, অভিযোগ থাকলে আরিফুল নিজেই বিষয়টি দেখবেন।
এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, অভিযোগটি তাঁরা হাতে পেয়েছেন। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে যাচাই করা হবে এবং সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ডিউটি অফিসারের কাছে অভিযোগ জমা পড়ার কথা তিনি শুনেছেন। অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: জুম বাংলা
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
