২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং সম্পন্ন করে ২০২৮ সালের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে। আগামী এক বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন চূড়ান্ত করা হবে এবং ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই কারিকুলামের কেন্দ্রে থাকবে ভাষা শিক্ষা, মৌলিক গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা এবং লিখে বোঝানোর এই চারটি মৌলিক ভাষাগত দক্ষতা গড়ে তোলা। বর্তমান পাঠ্যবইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয় বলেও সরাসরি স্বীকার করেন তিনি। ছয় বছরের একটি শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে শেখার আগ্রহ কমে যায় উল্লেখ করে তিনি ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই ও আনন্দমুখর শ্রেণিকক্ষ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। নতুন কারিকুলামের আলোকে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যবই প্রণয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো পুনর্বিন্যাসেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। প্রতিমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এখন থেকে প্রাথমিক শিক্ষার প্রতিটি কাজের একমাত্র মাপকাঠি হবে শিক্ষার্থী আসলে কতটুকু শিখতে পারছে, ঘোষণা আর পরিকল্পনার কাগজে নয়।
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
