‘স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে’

দেশের সবচেয়ে বড় মাদকের চালানগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকার আশপাশ দিয়েই আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদী বর্তমানে কারাগারে থাকলেও ওই এলাকা দিয়ে মাদক চোরাচালান বন্ধ হয়নি বলে উল্লেখ করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলে, আইন প্রয়োগের জন্য কেবল নিয়ম থাকলেই হয় না, এর জন্য প্রয়োজন প্রকৃত সৎ সাহস ও প্রবল সদিচ্ছা।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
নিজের নির্বাচনি এলাকার করুণ চিত্র তুলে ধরে তিনি জানান, ১০ শয্যার একটি হাসপাতাল বর্তমানে সম্পূর্ণভাবে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে, যেখানে কোনো ডাক্তার, রোগী বা নিরাপত্তাকর্মী নেই। ছয় লাখেরও বেশি মানুষের বসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বাজেটের প্রসঙ্গ টেনে তিনি সরকারকে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানান। অন্যথায় দেশের অর্থনীতি তলিয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেন। এ ছাড়া, সংসদ সদস্যদের জন্য ওয়াশিং মেশিনের দাবির তীব্র বিরোধিতা করে গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেন যে, ‘দেশের সাধারণ মানুষের চরম অভাবের মাঝে জনপ্রতিনিধিদের এমন বিলাসিতার দাবি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অসংবেদনশীল।’
বিশ্ববাংলা ফলো করুন
আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।
