Bisswa Bangla

পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য সরাইলের ওসি, চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম
পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য সরাইলের ওসি, চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ

পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য।

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগবিতণ্ডার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবী সমিতির সদস্য থাকার বিষয়টি সামনে আসে। সরকারি চাকরিতে থাকা অবস্থায় কেন তিনি সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশের চাকরিতে থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার বিষয়টি সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সমিতি সূত্রে জানা যায়, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষ্যে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুজনকে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

বিশ্ববাংলা ফলো করুন

আপডেট, ভিডিও ও ব্রেকিং নিউজ পেতে সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত